জাতীয় পার্টির নেতা ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে রাজধানী থেকে আটক করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে ঢাকার রমনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার।
পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম জিন্নাহ শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার রমনা থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলায় তিনি পলাতক ছিলেন।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমএ//