জাতীয়

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, তিন তদন্ত কমিটি ঢাবি প্রশাসনের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শন বিতর্কের জন্ম দিয়েছে। এসব ঘটনায় ব্যবস্থা নিতে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য জানায়।

এতে বলা হয়, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক ব্যক্তিদের ছবি সংগ্রহশালায় প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ঘটনাবলির উপস্থাপনের ক্ষেত্রে ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের মর্যাদা বিবেচনায় নেওয়া জরুরি। জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি প্রদর্শনের বিষয়টি সেই ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তারা এ নিয়ে আপত্তি জানিয়েছে।

ডাকসুর আরও কয়েকটি কর্মকাণ্ড নিয়েও আপত্তি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে , ডাকসু নির্ভীক জুলাইনামে কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দুটি স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে। এসব স্থাপনা নির্মাণের আগে সিন্ডিকেট বা উপাচার্যের কোনো অনুমোদন নেওয়া হয়নি এবং প্রশাসনের সঙ্গে আলোচনাও করা হয়নি।

শিক্ষকদের মূল্যায়নের জন্য ডাকসুর উদ্যোগে অনুমোদন ছাড়া একটি ওয়েবসাইট চালুর বিষয়েও আপত্তি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়,  শিক্ষক মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রাতিষ্ঠানিক বিষয়। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব টিচিং ইভালুয়েশননীতিমালা রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদিত। তাই অনুমোদিত কাঠামোর বাইরে পৃথক কোনো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালুর সুযোগ নেই।

প্রশাসনের দাবি, ডাকসুর চালু করা ওই ওয়েবসাইটে শিক্ষকদের ব্যক্তিগত তথ্যও প্রকাশ করা হয়েছে। এটি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অনুমোদিত নীতিমালার বাইরে গিয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার শামিল 

ঢাবি প্রশাসন বলেছে, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের দ্বৈত প্রশাসনপ্রতিষ্ঠার সুযোগ নেই। প্রশাসনিক কর্তৃত্বকে পাশ কাটিয়ে সমান্তরাল কোনো কাঠামো বা প্রক্রিয়া প্রতিষ্ঠার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এসব ঘটনায় গঠিত পৃথক তিন তদন্ত কমিটির সদস্য হলেন-

শিক্ষক মূল্যায়নের নামে ওয়েবসাইট চালুর বিষয়ে তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন এবং আইকিউএসি-এর পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্ভীক জুলাইস্মৃতিস্তম্বের বিষয়ে তদন্তে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং প্রক্টর ইসরাফীল প্রাং। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা মোস্তারিকে কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডাকসুতে জিন্নাহ-মালেকের ছবি টানানোর বিষয়ে তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ডাকসু #সংগ্রহশালায় #জিন্নাহর #ছবি #তিন #তদন্ত #কমিটি #ঢাবি #প্রশাসনের