জাতীয়

ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

বায়ান্ন প্রতিবেদন

আগামী দুই মাসের মধ্যে ওয়াসার চলমান প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ব্যর্থ কর্মকর্তাদের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনে সংস্থাটির কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামান। এ সময় ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, ডিপ্লোমা অ্যাসোসিয়েশন ও সিবিএ নেতারাসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প অনুমোদনের পর তা বাস্তবায়নে বছরের পর বছর সময় নেওয়া গ্রহণযোগ্য নয়। চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে। আগামী দুই মাস পর তিনি আবারও ওয়াসার কার্যক্রম পর্যালোচনা করবেন। এর মধ্যে কাজের দৃশ্যমান পরিবর্তন দেখতে চান তিনি।

ওয়াসার পরিচালনা পর্ষদ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আইনে ওয়াসায় বোর্ড গঠনের বিধান রয়েছে। তবে সরকার চাইলে যেকোনো সময় বোর্ড গঠন বা ভেঙে দিতে পারে। মন্ত্রণালয়ের পর্যালোচনায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে ওয়াসার বোর্ড জনসেবামূলক কাজের গতি কমিয়ে দিচ্ছে এবং অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করছে। এ কারণে আইন সংশোধন করে দেশের সব ওয়াসা থেকে বোর্ড তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রাজধানীতে পানির চাহিদা মেটাতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর ওপরও গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভূগর্ভস্থ পানি উত্তোলনের পরিমাণ ২০ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনতে হবে। এ জন্য নদীসহ বিভিন্ন উৎসের পানি পরিশোধন করে সরবরাহের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি প্রতিমন্ত্রী।

এ ছাড়া রাজধানীর অবৈধ ও চোরাই পানির সংযোগ চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মীর শাহে আলম। এসব কাজে প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক দুর্বৃত্তরা জড়িত থাকলেও দ্রুত ব্যবস্থা নিতে বলেন তিনি।

ঢাকায় পানির চাহিদা ও সরবরাহের পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমানে রাজধানীতে প্রতিদিন পানির চাহিদা ও সরবরাহ—দুটিই ৩১৪ কোটি লিটার। এ চাহিদা ক্রমেই বাড়ছে। তবে গত সাত মাসে ওয়াসার কার্যক্রমে উল্লেখযোগ্য নতুন উদ্যোগ বা প্রকল্প বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই মাসের মধ্যে ওয়াসার কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, যাতে নগরবাসীর পানির সমস্যা কমে এবং সেবার মান বাড়ে।

সূত্র: বাসস

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্থানীয় সরকার প্রতিমন্ত্রী #মীর শাহে আলম