রাজধানী

নিয়ন্ত্রণে এসেছে ধানমন্ডি-২৭ নম্বরে বহুতল ভবনের আগুন

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি বহুতল ভবনের অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হলেও দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় আরও চারটি ইউনিট। সব মিলিয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে।

ধানমন্ডি-২৭ নম্বর সড়কের উত্তর পাশে মিনাবাজারের বিপরীতে অবস্থিত এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত হন। আগুন নিয়ন্ত্রণে আসার পরও তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ধানমন্ডি-২৭ #আগুন