দেশজুড়ে

সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের আগুন

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গুদামটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। সেখানে কার্টন, সুতা ও অন্যান্য কাঁচামাল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে প্রথমে কাশিমপুর ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট আনা হয়। সব মিলিয়ে নয়টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুল আলম চৌধুরী জানান, আগুন যাতে গুদাম ছাড়িয়ে কারখানার মূল উৎপাদনকেন্দ্র কিংবা আশপাশের অন্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সতর্ক থেকে কাজ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নেভানোর পর তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ১৭ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ছাড়া গত ১৪ অক্টোবর গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় বড় ধরনের আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দলের সহযোগিতায় প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #অগ্নিকাণ্ড