আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও জোরালো হচ্ছে। লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তাঝুঁকি, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার খবর এবং সৌদি আরবের তেল স্থাপনায় হামলার হুমকিতে বাড়ছে বাজারের উদ্বেগ। এর প্রভাবে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ২২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০৯ ডলার ৬৪ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ ডলার ৫৮ সেন্টে পৌঁছায়।

তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর দাবি, প্রণালির দক্ষিণে সমুদ্রে মাইনে আঘাত লাগার পর একটি বড় তেলবাহী জাহাজে আগুন ধরে যায়।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ইরানের নিয়ম লঙ্ঘন করছিল।

অন্যদিকে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

এদিকে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ঘিরেও বাড়ছে উদ্বেগ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ইয়ানবুতে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র এবং রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে। এসব ঘটনা জ্বালানি উৎপাদন ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠকে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছিল। তবে নতুন করে হামলার আশঙ্কা তৈরি হওয়ায় আবারও দাম বাড়তে শুরু করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রেও ডিজেলের ঘাটতি জ্বালানি বাজারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। দেশটির জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ডিজেলের উৎপাদন বাড়াতে বিভিন্ন দেশের জ্বালানি শোধনাগারগুলোর সঙ্গে কাজ করছেন তারা।

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়লে এবং হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে পরিবহন ব্যয় ও পণ্য উৎপাদনের খরচে। একই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে।

সূত্র: রয়টার্স

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্ববাজার #জ্বালানি তেল