দেশজুড়ে

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটে মেয়ে

গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার লাল চান মিয়া (৬০) এবং তার স্ত্রী নাসিমা (৫০)।তারা পরিবার নিয়ে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টার বাড়ি সংলগ্ন ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন।

বুধবার (২১ অক্টোবর) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়। আজ (২২ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,গতকাল সকাল ৭টার দিকে মুদাফা এলাকার ওই ভাড়া বাসায় রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ হয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরে থাকা স্বামী লাল চান মিয়া, স্ত্রী নাসিমা ও তাদের মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হন।

প্রতিবেশীরা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাদের তাৎক্ষণিক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়।

ওসি মো. আরিফুর রহমান বলেন, নিহতদের মেয়ে এখনো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #সিলিন্ডার