রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত ফাইল ছবি

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাসের চিকিৎসা শেষে আগামী বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য  মির্জা আব্বাস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পর তিনি এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের দিকনির্দেশনা নিয়ে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে চলতি বছরের ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মস্তিষ্কে একটি জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

এতদিন তিনি সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #মির্জা আব্বাস #চিকিৎসা #ঢাকা-৮ #সংসদ সদস্য