জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগে একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার দিন গভীর রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন ও ইউএম মোশারফ হোসেন স্বাক্ষরিত বহিষ্কারাদেশের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, রায়কালী গ্রামের প্রায় ৪ শতক জমির ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের একটি দোতলা পাকা বসতবাড়ি রয়েছে। কয়েক বছর আগে বাড়িটি অগ্রণী ব্যাংকের জিয়ানগর শাখায় বন্ধক রেখে ১২ লাখ টাকা ঋণ গ্রহণ করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেলাল হোসেন বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে তার স্ত্রীও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। এই সুযোগে বিএনপি নেতা মিজানুর রহমান বাবু বাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে নিজের দখলে নেন বলে অভিযোগ ওঠে।
দলীয় বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই তাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়। নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িটি ছেড়ে দেননি। দলের ভাবমূর্তি রক্ষায় বিএনপির সকল সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় বেলাল হোসেনের স্ত্রী মোছা. শাহনাজ বেগম বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওসি শাহীন রেজা জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
এদিকে বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মিজানুর রহমান বাবু বলেন, বাড়িটি যে জমির ওপর নির্মিত, সেটি তাদের পৈতৃক সম্পত্তি। বেলাল হোসেন তাদের জমি দখল করে জোরপূর্বক বাড়ি বানিয়েছিলেন। এখন তারা নিজেদের বৈধ জায়গা ফেরত নিয়েছেন।
আর/আই