দেশজুড়ে

৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন সহ দুইজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ট্রাকে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।এ সময় ট্রাকের চালক মো. আবু বক্কর (৪৪) ও তার সহযোগী মো. মোহান আলীকে (৩১) আটক করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা জানান তিনি।

পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার হওয়া আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #মাদক #হেরোইন