জাতীয়

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় সরকারের বড় উদ্যোগ

বায়ান্ন প্রতিবেদন

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশে নতুন করে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। একই সঙ্গে মহাসড়কে টহল ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে ৮০টি মোটরসাইকেল।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত অনুষ্ঠানে এসব সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় এসব যান চালু করা হয়েছে। দেশের প্রথম বহুখাতভিত্তিক ও ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’নির্ভর এ প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদপ্তর।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা কমানোর পাশাপাশি দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার এবং জরুরি চিকিৎসাসেবা দেওয়াই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

প্রকল্পের আওতায় ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স জয়দেবপুর-হাটিকুমরুল-বগুড়া-রংপুর, হাটিকুমরুল-নাটোর-রাজশাহী এবং জয়দেবপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের মোট ৫০০ কিলোমিটার এলাকায় মোতায়েন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতি ১০ কিলোমিটার পরপর একটি অ্যাম্বুলেন্স রাখা হবে। ফলে দুর্ঘটনার পর আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে জরুরি চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে।

ঢাকার জন্য চালু করা হয়েছে ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স। রাজধানীর তীব্র যানজটে সাধারণ অ্যাম্বুলেন্স অনেক সময় দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। এ কারণে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক সহায়তা দেওয়ার পাশাপাশি হাসপাতালে নেওয়ার কাজেও ব্যবহার করা হবে।

এ ছাড়া মহাসড়কে টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে হাইওয়ে পুলিশের জন্য দেওয়া হয়েছে ৮০টি টহল মোটরসাইকেল। এসব যান ব্যবহারের ফলে দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশের দ্রুত উপস্থিতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সড়ক দুর্ঘটনা #চিকিৎসাসেবা #তাৎক্ষণিক #অ্যাম্বুলেন্স #সরকার