কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ৬৪ নেতাকর্মীসহ নানা অপরাধে ২৮৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাকি ৮১ জনের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমজে/এ