দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব নিশ্চিত করেই সামনে এগিয়ে যেতে হবে।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরে দেশের প্রায় সব ক্ষেত্রেই নৈতিক অবক্ষয় ঘটেছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। তবে দেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন, সেটি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে অতিরিক্ত নিয়ন্ত্রণের পথে না গিয়ে নিয়মনীতি যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন পার্থ।
তিনি বলেন, মন্ত্রণালয়ের কাজ হবে প্রয়োজনীয় নিয়মকানুন ঠিকভাবে পরিচালনা ও তদারক করা। কোনোভাবেই যেন সেই দায়িত্ব নিয়ন্ত্রণমূলক অবস্থানে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সরকারের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা ও পেশাদারিত্বও নিশ্চিত করা প্রয়োজন।
দেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা প্রকাশ করেন নতুন এই মন্ত্রী।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংবাদমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, ওই সময়ে গণমাধ্যমের অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। দেশের পরিবর্তনের এই সময়ে সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসি//