আন্তর্জাতিক

ভারতের রাফায়েল বহরে ৪ যুদ্ধবিমান উধাও!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

ভারতের বিমানবাহিনীর রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক প্রকাশনা ‘ফ্লাইটগ্লোবাল’-এর সর্বশেষ তালিকায় ভারতের সক্রিয় রাফায়েল বহরে ৩৬টির বদলে ৩২টি বিমান দেখানো হয়েছে। পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের সামরিক সংঘাতের পর চারটি রাফায়েল হারানোর দাবি ও পাল্টা বিতর্কের মধ্যে এই হিসাব সামনে এলেও এর নির্ভরযোগ্যতা নিয়ে আপত্তি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ফ্লাইটগ্লোবালের সর্বশেষ ‘বিশ্ব বিমানবাহিনী নির্দেশিকা’ অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় রাফায়েল যুদ্ধবিমান রয়েছে ৩২টি। ফ্রান্স থেকে ভারত অবশ্য মোট ৩৬টি রাফায়েল সংগ্রহ করেছিল। এর মধ্যে ২৮টি এক আসনের ও আটটি দুই আসনের যুদ্ধবিমান।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত একই নির্দেশিকায় ভারতের সক্রিয় রাফায়েলের সংখ্যা ৩৫টি উল্লেখ করা হয়েছিল। নতুন তালিকায় আগের হিসাব থেকে তিনটি এবং মোট সংগ্রহের সংখ্যা থেকে চারটি বিমান কম দেখানো হয়েছে। তবে কোন বিমানগুলো বাদ পড়েছে কিংবা সংখ্যা কমানোর কারণ কী, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ফ্লাইটগ্লোবাল।

২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের পর ভারতীয় যুদ্ধবিমান হারানোর বিষয়টি আলোচনায় আসে। ওই সময় পাকিস্তান দাবি করে, তারা রাফায়েলসহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতীয় বিমানবাহিনী সংঘাতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও হারানো বিমানের ধরন ও সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানায়নি।

ফ্লাইটগ্লোবালের নতুন তালিকা প্রকাশের পর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন দাবি করেছে, এতে তাদের আগের বক্তব্যের সমর্থন মিলেছে। তবে প্রকাশনাটির প্রতিবেদনে চারটি রাফায়েল যুদ্ধবিমান সংঘাতে ধ্বংস হওয়ার কোনো তথ্য বা প্রমাণ তুলে ধরা হয়নি।

প্রতিবেদনের তথ্য নিয়ে আপত্তি জানিয়েছেন ভারতের সাবেক বিমানবাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি ফ্লাইটগ্লোবালকে তথ্যসূত্র পুনর্মূল্যায়নের আহ্বান জানান। তার মতে, প্রকাশনাটির এই হিসাব সম্পূর্ণ ভিত্তিহীন।

তিওয়ারি উল্লেখ করেন, এর আগেও একই সূত্র থেকে রাফায়েল ভূপাতিত হওয়ার দাবিতে নির্দিষ্ট সিরিয়াল নম্বর প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ওই নম্বরের বিমানগুলো আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশ নেয়। ভারতের প্রথম নারী রাফায়েল পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং পাকিস্তানের হাতে বন্দি হওয়ার পুরোনো গুজবের উদাহরণও তুলে ধরেন তিনি। এসব ক্ষেত্রে তথ্যের উৎস ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেন সাবেক এই কর্মকর্তা।

এদিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লাইটগ্লোবালের এই তথ্য ভারতীয় বিমানবাহিনী কিংবা মন্ত্রণালয় থেকে সরবরাহ করা হয়নি। পাশাপাশি, ২০২৬ সালের জুনে ভারতীয় বিমানবাহিনী ৩৬টি রাফায়েল যুদ্ধবিমানের জন্য অন্তর্বর্তীকালীন কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দরপত্র প্রকাশ করেছিল। এই দরপত্রও ৩২টি বিমান থাকার হিসাব নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

ফ্লাইটগ্লোবালের বিমানবহরের তথ্য সংগ্রহ করা প্রতিষ্ঠান সিরিয়ামের উন্মুক্ত তথ্য ও বিমান চলাচলের রেকর্ডের ভিত্তিতে নির্দেশিকাটি তৈরি করা হয়।

সামরিক বিমানবহর বিশ্লেষকদের মতে, কোনো বিমান মেরামত, রক্ষণাবেক্ষণ কিংবা আধুনিকায়নের কাজে থাকলে সেটিকে সক্রিয় বহরের হিসাব থেকে বাদ দেওয়া হতে পারে।

ফলে ফ্লাইটগ্লোবালের তালিকায় চারটি রাফায়েল কম থাকার তথ্য সামনে এলেও, এর ভিত্তিতে সংঘাতে ওই চারটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #পাকিস্তান #যুদ্ধ #রাফায়েল