ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’-এর পরিচালনাধীন কেন্দ্র দুটিতে আর ভিসার আবেদন গ্রহণ করা হবে না।
সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনার চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কারণে প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র দুটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

এ অবস্থায় ভিসার আবেদন করতে আগ্রহীদের সতর্ক করেছে বাংলাদেশের উপ-দূতাবাস। ৩০ নভেম্বরের পর ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত কেন্দ্র দুটিতে কোনো ধরনের ভিসার আবেদন জমা না দিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
তবে কেন্দ্র দুটি বন্ধ হওয়ার পর কোন প্রতিষ্ঠান ভিসা আবেদন কার্যক্রম পরিচালনা করবে এবং নতুন কেন্দ্রগুলোর অবস্থান কোথায় হবে, তা এখনো জানানো হয়নি। উপ-দূতাবাস জানিয়েছে, নতুন আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
এসি//