রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে আজিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
এদিকে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে আওয়ামী লীগ নেতা ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমীকে আটক করেছে ডিবি পুলিশ। ডিবির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপকে ঘিরে বিতর্ক শুরু হয়। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা তৈরি হয়।
ছড়িয়ে পড়া কথোপকথনে গ্রুপের কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়। এসব কথোপকথন প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন গ্রুপটির সদস্যরা।
এমএ//