জামালপুর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকার এক পাঁচতলা বাসা থেকে ইসরাত জাহান মাম্মী (৩৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইসরাত জাহান মাম্মী দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকার কাওসার আহমেদ শাওনের স্ত্রী। তাদের ঘরে একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, , ইসরাত জাহান মাম্মী ও কাওসার আহমেদ শাওন দম্পত্তি প্রায় এক মাস যাবৎ এলাকার কলাবাগান গলিতে ইব্রাহিম হোসেনের সাত তলা ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন। এই দম্পত্তির মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো।
গত শনিবার (২২ আগস্ট) রাতে তাদের ঝগড়া হলে এক পর্যায়ে কাওসার তার দুই সন্তানকে অন্য একটি ঘরে আটকে রেখে ইসরাতকে মারধর করে। পরদিন রবিবার সকালে কাওসার তার দুই সন্তানকে আটকে রেখেই সদর দরজায় তালা দিয়ে চলে যায়। পরে বাচ্চা দুইজন তার মাকে পড়ে থাকতে জানলা দিয়ে চেঁচামেচি করে। তারপর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নাম্বার-৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে দরজার তালা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের মেয়ে সামিয়া আক্তার সিনহা বলেন, আমার বাবার অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল। তাই বাবা ও মায়ের সবসময় ঝগড়া লেগেই থাকতো। কাল রাতে ঝগড়া হওয়ার পরে বাবা আমাদের অন্য ঘরে আটকে রাখে, পরে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে বাবা দরজা খুলে বলে তোমরা থাকো আমি চলে গেলাম। তারপর বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। তখন আমরা জানালা দিয়ে চিৎকার করি।

ওসি নাজমুস সাকিব বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটা একটি হত্যাকাণ্ড। শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে আমারা নিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
আর/আই