ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশি একজনসহ মোট ২৪ জন নাবিক ছিলেন। দুর্ঘটনার পর দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য নাবিকদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
শনিবার (২২ আগস্ট) জাহাজডুবির ঘটনা ঘটে বলে ভারতীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
‘এমভি ওশান উইনার’ নামের জাহাজটির ২৪ জন ক্রুর মধ্যে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক ছিলেন বলে জানিয়েছেন ভারতীয় কোস্টগার্ডের মুখপাত্র কমান্ড্যান্ট অমিত উনিয়াল।
জানা গেছে, প্যারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের পথে যাত্রা করেছিল জাহাজটি। গত বৃহস্পতিবার বন্দর ছাড়ার পর প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে গিয়ে এটি ডুবে যায়। তবে ঠিক কী কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য পায় ভারতের সামুদ্রিক উদ্ধার সমন্বয়কেন্দ্র। এরপর উদ্ধার অভিযানে সহায়তার জন্য কাছাকাছি থাকা ‘এমটি আইসোপোস’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে ঘটনাস্থলে পাঠানো হয়।
পরে রাত ৮টার দিকে ওই জাহাজের মাধ্যমে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। অন্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকাজে ভারতীয় কোস্টগার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি জাহাজ অংশ নিয়েছে। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
এমএ//