বাগেরহাটের কচুয়ায় গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বেদার মল্লিক নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাইয়ুম (২৬) আহত হয়েছেন। বর্তমানে তিনি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বেদার মল্লিক ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, প্রতিবেশী এক নারীর গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে পাশের বাড়ির লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী রমজান, তার স্ত্রী লামিয়া, বাবা-মা ও ছেলে লাঠি এবং দরজার ডাসা দিয়ে বেদার মল্লিক, তার স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও পুত্রবধূ সুমিকে মারধর করেন। এতে বেদার মল্লিক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত কাইয়ুমকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের আরও দুজন সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে ঘটনার পর রমজান, তার স্ত্রী লামিয়া ও মা ফাতেমাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ মামুন জানান, গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে মারামারি হয়। এতে বেদার মল্লিক নিহত এবং তার ছেলে আহত হয়েছেন। ঘটনায় কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসি//