দেশজুড়ে

৫ ঘণ্টা কর্মবিরতির পর সচল চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনাল

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার পর চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম গণমাধ্যমকে ‘এনসিটি ও সিসিটি টার্মিনালে’ কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্দর কর্মকর্তা ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যে আলোচনার পর তারা কাজে ফিরেছেন। বর্তমানে এনসিটি ও সিসিটিতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম চলছে।

এর আগে, বেতন-ভাতা বাড়ানো, গ্র্যাচুইটি ও চাকরিসংক্রান্ত অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ও বিক্ষোভ করেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) ক্রেন পরিচালনা বন্ধ রেখে জেটিতে অবস্থান নেন তারা। এতে কয়েক ঘণ্টা বন্ধ থাকে কনটেইনার ওঠা-নামার কাজ।

শ্রমিকরা জানান, বন্দর কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনা করেছে। এ সময় দাবি পূরণের আশ্বাস পেয়ে তারা কাজে যোগ দিয়েছেন।

 

 এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #টার্মিনাল