বগুড়ার শিবগঞ্জে আজ মহাসড়ক অতিক্রম করার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় রফিকুল ইসলাম নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া ফরকের হাট এলাকায়। তার বাবার নাম কপিল উদ্দিন সরকার।
ওসি রইচউদ্দিন বলেন, মোকামতলা ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়ক অতিক্রম করার সময় দ্রুতগতির একটি ট্রাক রফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তথ্যসূত্র: বাসস
এমএ//