আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ঘন কুয়াশার মধ্যে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় দুপুরে রাজ্যের একটি প্রত্যন্ত রাডার সাইটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কেপ নিউনেহাম লং রেঞ্জ রাডার সাইটের কাছে অবতরণের দ্বিতীয়বারের চেষ্টা করার সময় বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, ঘন কুয়াশার কারণে বিমানটির দুই পাইলট রানওয়ে দেখতে পাচ্ছিলেন না। দৃশ্যমানতা খুব কম থাকায় প্রথমবার অবতরণের চেষ্টা বাতিল করতে হয়। পরে দ্বিতীয়বার অবতরণের সময় রানওয়ে থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়।

দুই ইঞ্জিনের সেসনা ৪৪১ বিমানটিতে দুই পাইলট ছাড়াও ইউএস আর্মি কোর অব ইঞ্জিনিয়ার্সের দুই কর্মী এবং চারজন ঠিকাদার ছিলেন। নিহতদের মধ্যে ক্যালিস্তা ব্রাইস নামের একটি প্রতিষ্ঠানের দুই কর্মীও রয়েছেন।

আলাস্কার সিনেটর লিসা মারকোভস্কিও নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #আলাস্কা #বিমান বিধ্বস্ত