নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক সহ সহস্রাধিক লোক অংশ নেয়। তারা হাতে ব্যানার ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেয়। এ সময় সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি হল-বিদ্যালয়ের বেদখলকৃত জমি উদ্ধার, শিক্ষার্থীদের জন্য নিরাপদ খেলার মাঠ, বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির ব্যবস্থা করা, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিদ্যালয়ের পরিবেশ ও প্রাকৃতিক জলাধার রক্ষা করা।
জানা যায়, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মডেল প্রাথমিক বিদ্যালয় একই সাথে অবস্থিত। বিদ্যালয় দুটির কাগজে-কলমে ২একর ৮০ শতক জায়গা রয়েছে। এর মধ্যে সড়কের পাশে বিদ্যালয় দু'টির জায়গা দখল করে ৪০-৫০টি দোকান ও বসত বাড়ি গড়ে ওঠেছে। জনপ্রতিনিধি সহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ দারস্ত হয়েও জায়গা উদ্ধার করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ।
মানববন্ধনে শিক্ষকগণ বলেন, শুধু বিদ্যালয়ের ভবন থাকলেই শিক্ষার পরিবেশ পূর্ণাঙ্গ হয় না। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার সুযোগ ও নিরাপদ মাঠ প্রয়োজন। কিন্তু খেলার উপযুক্ত মাঠ না থাকায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে খেলার মাঠের ব্যবস্থা করা দীর্ঘদিনের দাবি। বারবার দাবি জানানো হলেও কার্যকর সমাধান না হওয়ায় রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি। দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয় তারা।
অভিভাবকেরা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বিদ্যালয়ের জমি উদ্ধার, খেলার মাঠের ব্যবস্থা এবং সম্পত্তি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যালয়ের সড়কের পাশে দোকান ও বসতবাড়ি মালিকদের সাথে কথা বলেছি। তাদের দলিল সন্দেহজনক মনে হয়েছে। নিয়ম অনুযায়ী জেলা রাজস্ব বিভাগে তাদের কাগজপত্র গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আই/এ