চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সম্পূরক এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সে লক্ষ্যেই দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য এইচএসসি সাপ্লিমেন্টারি এবং পুনর্মূল্যায়নের ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে।’
বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট কমানোর বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূর করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত ও যুগোপযোগী করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’
দেশের সামগ্রিক উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে গবেষণার বিকল্প নেই। বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।’
এ সময় আগের সরকারের শিক্ষাখাতের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আগের সরকার শিক্ষাখাতের প্রতি কতটা উদাসীন ছিল, তা অবিশ্বাস্য। আমি যখন আমার দপ্তরে বসে আগের সরকারের কর্মকাণ্ড দেখি, তখন বিশ্বাস করতে কষ্ট হয় যে একটি সরকার শিক্ষা খাতের উন্নয়নের বিষয়ে এতটা উদাসীন থাকতে পারে।’