দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে করণীয় নির্ধারণ ও জাতীয়করণ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করতে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়ার সভাপতিত্বে বেলা দেড়টায় এ সভা হওয়ার কথা রয়েছে। এতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভার মূল আলোচ্য বিষয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় অন্তর্ভুক্ত করা। এ ক্ষেত্রে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং কী ধরনের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন, তা নিয়ে আলোচনা হবে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়েরের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন। সভায় যোগ দিতে ইতোমধ্যে ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ এবং পরবর্তী করণীয় নিয়ে রোববারের সভায় আলোচনা হবে। সেখানে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
তবে জাতীয়করণের আওতায় কতটি বিদ্যালয় অন্তর্ভুক্ত হবে, কোন ধরনের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং এ জন্য কী কী শর্ত পূরণ করতে হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।
এসি//