দেশজুড়ে

এমপি নুসরাতের বাড়িতে আগুন, আরও সাত কার্যদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

রোববার (১৫ নভেম্বর) তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ  বেলা ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে তদন্ত কমিটির সব সদস্য বৈঠক করেছেন। বৈঠকে সবার সর্ব-সম্মতিক্রমে তদন্তের স্বার্থে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সময় বাড়ানোর কারণ হিসেবে কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনাগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে সময় লাগছে। ওই প্রতিবেদন পাওয়ার পর সব কিছু একত্র করে চূড়ান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এর আগে গেল ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম -কে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সাথে তিন কার্যদিবসের মধ্য কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়। নির্দেশনা অনুযায়ী আজ প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কমিটির সদস্যরা আরও সাত কার্যদিবস লাগবে বলে জানান। 

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে গতকাল  তদন্ত কমিটির এক সদস্য গণমাধ্যমকে বলেন, ঘটনার দিন রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে যে আগুনের স্ফুলিঙ্গ ক্লোজড সার্কিট টিভি ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখা গেছে, তাতে প্রথমে ভাবা হয়েছিল সেটিই মনে হয় আগুন লাগার শুরু। কিন্তু সেই স্ফুলিঙ্গ হওয়ার অনেক আগে থেকেই আগুন অল্প অল্প করে জ্বলছিল। এটার ভিডিও ফুটেজ আছে। ওই স্ফুলিঙ্গই আগুনের সূত্রপাত ছিল না। আগুনের সূত্রপাত অনেক আগেই হয়েছে।

প্রসঙ্গত, গেল ১১ নভেম্বর গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে ওই আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।

 

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নুসরাত তাবাসসুম #তদন্ত কমিটি