গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে টানা পাঁচ দিনের বৃষ্টিতে অফিসের ছাদ চুঁইয়ে পানি পড়ে ভিজে গেছে গুরুত্বপূর্ণ সরকারি দলিল, বালাম বই ও বিভিন্ন নথিপত্র। নিরাপদ সংরক্ষণের পরিবর্তে দীর্ঘদিন ধরে মেঝেতে স্তূপ করে রাখা এসব মূল্যবান দলিল এখন ক্ষতির মুখে। কয়েকটি দলিলের বান্ডিলে উইপোকার আক্রমণের অভিযোগও রয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে সরেজমিনে এ চিত্র দেখা যায়।
ভবনের বিভিন্ন স্থানে ছাদের ফাটল ও খসে পড়া প্লাস্টার দিয়ে বৃষ্টির পানি কক্ষের ভেতরে প্রবেশ করছে। মেঝেতে রাখা দলিল ও বালাম বই পানিতে ভিজে অনেক নথির লেখা অস্পষ্ট হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে অফিসের কর্মচারীরা ফ্যানের বাতাস ও ইলেকট্রিক আয়রনের সাহায্যে ভেজা নথিপত্র শুকানোর চেষ্টা করছেন।
কালিয়াকৈর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আজিজুর রহমান বলেন, “টানা বৃষ্টির কারণে বহু মূল্যবান দলিল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক দলিল এখনও বালামে তোলা হয়নি এবং অনেক নথির লেখাও মুছে গেছে। জরাজীর্ণ ভবনে এভাবে গুরুত্বপূর্ণ সরকারি দলিল সংরক্ষণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কালিয়াকৈরবাসীর স্বার্থে দ্রুত একটি আধুনিক ও নিরাপদ সাব-রেজিস্ট্রি ভবন নির্মাণ জরুরি।”
উপজেলা সাব-রেজিস্টার মো. কামরুল হাসান বলেন, “টানা বৃষ্টির পানিতে কিছু মূল্যবান দলিল ও বালাম বই ভিজে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত নথিপত্র সংরক্ষণের লক্ষ্যে সেগুলো ফ্যানের বাতাস ও ইলেকট্রিক আয়রনের সাহায্যে শুকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”
আই/এ