ফিফা বিশ্বকাপ-২০২৬ এখন শেষ চারের উত্তেজনায়। কোয়ার্টার ফাইনালের সব হিসাব শেষ হওয়ার পর সেমিফাইনাল নিশ্চিত করেছে ফুটবল বিশ্বের চার পরাশক্তি—স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এবার এই চার দলের লক্ষ্য একটাই, ফাইনালের টিকিট।
প্রথম সেমিফাইনালে ইউরোপিয়ান ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন ও ফ্রান্স মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ১৪ জুলাই দিবাগত রাত ১টায় ডালাসে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। একই ব্যবধানে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।
দ্বিতীয় সেমিফাইনালে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরেকটি হাইভোল্টেজ লড়াই। বাংলাদেশ সময় ১৫ জুলাই দিবাগত রাত ১টায় আটলান্টায় মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি ঘিরে বাড়তি আকর্ষণ লিওনেল মেসি ও হ্যারি কেইনের নেতৃত্বের দ্বৈরথ।
শেষ আটের লড়াইয়ে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের কঠিন পরীক্ষায় ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
এখন চার দলের সামনে একটাই লক্ষ্য—ফাইনালে জায়গা করে নেওয়া। দুটি সেমিফাইনালের বিজয়ীরা আগামী ১৯ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ফাইনালে শিরোপার জন্য মুখোমুখি হবে।
বিশ্ব ফুটবলের নতুন চ্যাম্পিয়ন নির্ধারণের আগে তাই অপেক্ষা করছে দুটি মহারণ, যেখানে ভুলের সুযোগ থাকবে না কোনো দলেরই।
এসি//