দেশজুড়ে

কেরানীগঞ্জে গ্যাস পাইপলাইন বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

ঢাকার কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাড়িতে গ্যাস লাইনের মেরামত কাজ করার সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (১১ জুলাই) ভোরের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দুর্ঘটনায় দগ্ধরা হলেন—রাজন (২৫), সুমন (২৭) ও কিশোর শ্রমিক রাকিব (১৪)।

আহতদের সহকর্মী সজীবের দেওয়া তথ্যমতে, শুক্রবার রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাড়িতে গ্যাস লাইনের সংস্কার কাজ করছিলেন তারা। লাইনের কাজ করার একপর্যায়ে আকস্মিকভাবে পাইপলাইনে বিস্ফোরণ ঘটে এবং সেখানে থাকা তিন শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে রাকিবের শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। অন্য দুজনের দগ্ধের পরিমাণ কিছুটা কম। তাদের ক্ষতস্থানে ড্রেসিং ও জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহত তিনজনই এখন শঙ্কা মুক্ত।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, গ্যাস লাইনের কাজের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। আহতরা বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন এবং ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্যাস লাইন #বিস্ফোরণ