টানা অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকার একটি সেতু ভেঙে পড়েছে। এর ফলে দুই পার্বত্য জেলার সরাসরি সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
শনিবার (১১ জুলাই) সকালে ঘটা এই দুর্ঘটনার পর থেকে বান্দরবান ও রাঙ্গামাটি সড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের এই সেতুটির নিচ দিয়ে কয়েক দিন ধরেই পাহাড়ি ঢলের পানি তীব্র বেগে প্রবাহিত হচ্ছিল। শনিবার সকালে পানির সেই প্রবল চাপ সামলাতে না পেরে সেতুটির একটি বড় অংশ ধসে পড়ে। দুর্ঘটনা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে তাৎক্ষণিকভাবে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সেতুটি ভেঙে যাওয়ায় বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রামের বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক এবং রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অসংখ্য যানবাহন রাস্তার দুই পাশে আটকে পড়েছে। কোনো বিকল্প পথ না থাকায় অনেক যাত্রী দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, আবার অনেকে মাঝপথ থেকেই ফিরে যেতে বাধ্য হয়েছেন।
ঘটনার পর জেলা প্রশাসন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
সওজ সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পাশাপাশি দ্রুততম সময়ে বিকল্প উপায়ে যোগাযোগ ব্যবস্থা সচল করার প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে যাওয়া, নতুন করে পাহাড়ধসের ঝুঁকি এবং সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাহাড়ি সড়কে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
আর/আই