দেশজুড়ে

মালিককে হত্যা করে মিল থেকে তিন ট্রান্সফর্মার চুরি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক রাইসমিল মালিককে হাত-পা ও মুখ বেঁধে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের পর মিল থেকে তিনটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনিরগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কছিরউদ্দীনের ছেলে এবং ওই রাইসমিলের মালিক ছিলেন।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার ফেনিরগ্রাম ফুলতলা এলাকায় অবস্থিত একটি রাইসমিল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, প্রতিদিনের মতো রোববার (৫ জুলাই) রাতে নিজ রাইসমিলেই ঘুমিয়ে ছিলেন মোহাম্মদ আলী। গভীর রাতে দুর্বৃত্তরা মিলে প্রবেশ করে প্রথমে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। হত্যার পর মিলে থাকা তিনটি ট্রান্সফর্মার খুলে নিয়ে পালিয়ে যায় তারা।

সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের পর ট্রান্সফর্মার চুরির ঘটনাটি ঘটানো হয়েছে। এ ঘটনায় কতজন জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #বগুড়া #শিবগঞ্জ #রাইসমিল