শ্রম আইন মামলার অভিযোগে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ভোরে বনানী ডি-ব্লকের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সাজেদুলের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের অভিযোগ, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্তেও সাজেদুল ইসলামের বাড়ির সামনে রাতভর বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশকে। বাড়ির সিকিউরিটি গার্ডরা গেট খুলতে নারাজ থাকায় ভেতরে ঢুকতেই পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত।
আদালতের নথি অনুযায়ী, সাবেক কর্মীর পাওনা আত্মসাতের এই মামলায় প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সফিউল ইসলামসহ শীর্ষ পর্যায়ের ৬ কর্মকর্তা ও খোদ আফতাব অটোমোবাইলসের নাম রয়েছে।
পি/ডি