বিনোদন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের ‘মহাজাদু’, জানতেনই না গায়ক

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে প্রকাশিত একটি ভিডিও ঘিরে আলোচনায় এসেছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’। 

মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে গানটি।

মজার বিষয় হলো, বিষয়টি আগে থেকে জানতেন না হাবিব নিজেই। পরিচিতজনদের পাঠানো কয়েকটি লিংক দেখে কৌতূহলবশত ভিডিওটি খুলে দেখেন তিনি। তখনই নিজের গান শুনে বেশ অবাক হন এই সংগীতশিল্পী।

এ প্রসঙ্গে হাবিব জানান, একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরের ভিডিওতে তার গান ব্যবহার হওয়া নিঃসন্দেহে আনন্দের ও সম্মানের বিষয়। বিশেষ করে দুই দেশের সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট এমন একটি ভিডিওতে নিজের গান স্থান পাওয়ায় তিনি অনুপ্রাণিত বোধ করছেন।

তবে গান ব্যবহারের আগে তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি বলেও জানান হাবিব।  তিনি বলেন, বিষয়টি নিয়ে আগে থেকে কোনো আলোচনা হয়নি। ভিডিওটি দেখেই তিনি পুরো ব্যাপারটি জানতে পারেন।

কেন ‘মহাজাদু’ গানটিকেই বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন হাবিব। তার ধারণা, সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই এটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও মানুষের প্রতিক্রিয়া সরাসরি দেখার সুযোগ হয়নি তার। কারণ, ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নন তিনি। তবে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার কথা শুনেছেন।

হাবিব আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় বা যোগাযোগ নেই। ফলে পুরো ঘটনাটি তার কাছে এক ধরনের সুখকর চমক হিসেবেই এসেছে।

এদিকে নতুন গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই সংগীতশিল্পী। সম্প্রতি প্রকাশিত তার গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে বলে জানান তিনি।

        

পি/ডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমানে #মালয়েশিয়া সফর #হাবিব ওয়াহিদের #মহাজাদু’