সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর মহল্লা এবং সদর উপজেলার ছোনগাছা, শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ (৪৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন (৪১), ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. রাশেদুল ইসলাম (৩৪), একই ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. শাহাদাত হোসেন (২২) এবং সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের গ্রন্থনা বিষয়ক সম্পাদক মো. নাদিম সেখ (২৩)।
ওসি মো. রাকিবুল হাসান জানান, বুধবার রাতভর পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এমজে/এ