দেশজুড়ে

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য আহত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিতাস নামে এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ৫৭ জন মালয়েশিয়াগামী ব্যক্তিকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। রোহিঙ্গা ক্যাম্প-২৪ ও ২৬-এর মধ্যবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অভিযানটি পরিচালিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, অভিযানের একপর্যায়ে মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি হয়। এতে হ্নীলা রঙ্গিখালী আর্মি ক্যাম্পের সৈনিক তিতাস আহত হন। তাকে প্রথমে নয়াপাড়ার আইআরসি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের রামু সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।

অভিযানে ৫৭ জনকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি একটি দেশীয় ওয়ান শুটার গান এবং একটি পিস্তল জব্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এস. সাজেদুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান এখনো চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

স্থানীয়রা জানায়, সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ওই পাহাড়ি আস্তানায় অর্ধশতাধিক মানুষকে আটকে রেখেছিল মানবপাচারকারী চক্রটি। তাদের উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালালে গোলাগুলির ঘটনা ঘটে। 

এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পের মো. আলম ও মো. সাদ্দাম ডাকাত জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

এমজে/এ/এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #সেনাবাহিনী #মানবপাচার