আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় নকল প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে শুধু শিক্ষার্থী নয়, সংশ্লিষ্ট কেন্দ্র ও প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ধরন সময়ের সঙ্গে বদলেছে। তাই পুরোনো পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন বিধান আনা হয়েছে। নকল-প্রশ্নফাঁসের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, কোনো শিক্ষার্থীর কাছে নকল সামগ্রী পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র প্রধানকেও জবাবদিহির আওতায় আনা হবে।
মন্ত্রী বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমএ//