জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদের সমাধিতে যান। সেখানে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। আজ বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে হেঁটে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছাবে।
এমএ//