বিনোদন

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

বুধবার (০৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

২০২২ সালের ১৮ জুলাই পরীমনির বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে ঢাকার আদালতে নালিশি মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ।

মামলার অভিযোগে নাসির উদ্দিন উল্লেখ করেন, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে যান। সেখানে প্রথমে তারা ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব থেকে বের হওয়ার সময় পরীমনি তাকে ডেকে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন।

এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে তার দিকে একটি গ্লাস ছুড়ে মারেন। এতে তার মাথা ও বুকে আঘাত লাগে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন।

মামলাটি তদন্ত শেষে গত বছরের এপ্রিলে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে নাসির উদ্দিনকে মারধরের অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই। পাশাপাশি পরীমনির ছোড়া মদের গ্লাসে তার আঘাত পাওয়ার ঘটনারও সত্যতা পাওয়া গেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পরীমনি #গ্রেপ্তারি পরোয়ানা