রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন সুপারস্টার, খলনায়ক থেকে ভিন্নধর্মী চরিত্র সর্বত্রই যিনি নিজের অভিনয়ের অসামান্য অবদান রেখেছেন তিনি বলিউড কিং শাহরুখ খান। নিজের অভিনয়ের মধ্য দিয়ে জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের অন্তরে।
তিন দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে রাজ করা কিংবদন্তী আজ পা রাখলেন ৬১ বছর বয়সে। ১৯৬৫ সালের (২ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে বাবা তাজ মোহাম্মদ খান এবং মা লতিফ ফাতিমার কোল জুড়ে জন্ম নেন আজকের বলিউড বাদশাহ শাহারুখ খান।
টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজ ‘ ও ‘সার্কাস’ -এর মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন কোটি ভক্তের হৃদয়ে স্পন্দন জাগানো এই তারকা। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে।
চরিত্র নির্বাচনের বৈচিত্র্যতা শাহরুখের সাফল্যে বিশেষ জাদু হিসেবে কাজ করেছে। কেবল প্রেমের গল্পে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।‘দেবদাস’ সিনেমায় প্রেমে ব্যর্থ এক মানুষের যন্ত্রণা, ‘স্বদেশ’-এ দেশপ্রেমিক বিজ্ঞানী, ‘চাক দে! ইন্ডিয়া’-তে হকি দলের কোচ এবং ‘মাই নেম ইজ খান’-এ ভিন্নধর্মী এক চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই বলিউড কিং।
অ্যাকশনে ও তার জুরি মেলা ভার, ‘ডন’, ‘ডন ২’, ‘জাওয়ান’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’ এর মতো সিনেমায় অভিনয় করে এখানেও নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।
তবে, আজকের এই বলিউড সেরার ক্যারিয়ারেও কিছুটা ছন্দপতন দেখা দিয়েছিলো। ২০১৮ সালের পর কয়েক বছর বড় পর্দায় প্রধান চরিত্রে তাকে নিয়মিত দেখা যায়নি। তবে এই বিরতিও তার জনপ্রিয়তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারেনি।
২০২৩ সালে ‘পাঠান’ সিনেমা দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন শাহরুখ। সিনেমাটি বিশ্বব্যাপী বিপুল ব্যবসা করে এবং বক্স অফিসে নতুন আলোচনার জন্ম দেয়। একই বছর মুক্তি পাওয়া ‘জওয়ান’ তার সাফল্যের ধারাকে আরও এগিয়ে নেয়। অ্যাকশন, আবেগ ও সামাজিক বার্তার সমন্বয়ে তৈরি সিনেমাটি দর্শকদের ব্যাপক সাড়া পায়।
এরপর ‘ডানকি’ সিনেমায় ভিন্নধর্মী গল্পে অভিনয় করেন তিনি। তিনটি সিনেমার মাধ্যমে ২০২৩ সালকে নিজের ক্যারিয়ারের অন্যতম সফল বছরে পরিণত করেন এই অভিনেতা।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন শাহরুখ খান। ফিল্মফেয়ার পুরস্কার জয়ের ক্ষেত্রে তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা। ২০০৫ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পান তিনি।
এ ছাড়া ফ্রান্স সরকারের কাছ থেকে ২০০৭ সালে ‘অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স’ এবং ২০১৪ সালে ‘লেজিওঁ দ্য অনার’ সম্মাননা লাভ করেন। ২০২৫ সালে ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন।
শুধু ভারতেই নয়, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে তার বিশাল ভক্তগোষ্ঠী। ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য।
ব্যক্তিজীবনে ১৯৯১ সালে গৌরী খানকে বিয়ে করেন শাহরুখ। তাদের সংসারে রয়েছে তিন সন্তান—আরিয়ান, সুহানা ও আব্রাম। ব্যস্ত পেশাগত জীবনের পাশাপাশি পরিবারকেও বরাবরই গুরুত্ব দিয়ে এসেছেন তিনি।
বয়স বাড়লেও শাহরুখের তারুণ্য ও কাজের প্রতি আগ্রহে ভাটা পড়েনি। নিজের ৬১ তম জন্মদিনেও ভক্তদের জন্য দিলেন বিশেষ উপহার। তার আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম গান প্রকাশিত হয়েছে আজ তার জন্মদিনেই। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও তার মেয়ে সুহানা খানসহ আরও অনেকে। ছবিটি চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
সিনেমার সংলাপ, রোমান্টিক ভঙ্গি কিংবা দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর বিখ্যাত সেই স্টাইল সবকিছুই এখন ভক্তদের জনপ্রিয় সংস্কৃতির অংশ। তাই শাহরুখ খান শুধু একজন অভিনেতা নন, তিনি একাধিক প্রজন্মের আবেগ ও অনুপ্রেরণার নাম।
এমজে/এ