দেশজুড়ে

ঈদকে ঘিরে চামড়া পাচার ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে কোরবানির পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩১ মে) সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবির টহল কার্যক্রম এবং নজরদারি আগের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের বিভিন্ন চেকপোস্ট, বিওপি (বর্ডার আউটপোস্ট) ও ঝুঁকিপূর্ণ অরক্ষিত পথগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ঈদ পরবর্তী সময়ে চামড়া পাচারের আশঙ্কা মাথায় রেখে সীমান্তজুড়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ পারাপার বা পাচারচেষ্টা প্রতিরোধে সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফু লবারী বলেন, কোরবানির পশুর চামড়ার সঠিক বাজারমূল্য নিশ্চিত করা এবং জাতীয় সম্পদ বিদেশে পাচার প্রতিরোধের লক্ষ্যেই সীমান্তে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

তিনি আরও জানান, হিলি সীমান্তের অধীন সব চেকপোস্ট ও সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা বিশেষ টহল ব্যবস্থা চালু রয়েছে। কোনো ধরনের চামড়া পাচারের চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

 

পিডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #কোরবানির পশুর চামড়া #ভারতে পাচার #হিলি সীমান্ত