দেশজুড়ে

পাচারের আগেই ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটের আক্কেলপুর সীমান্তে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৭৩ কেজি ওজনের এক কষ্টিপাথরের মূর্তিসহ আন্তর্জাতিক পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, আক্কেলপুর উপজেলা সদরের হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের মুকুল চন্দ্র মন্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের কামাল হোসেন (৬০)।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ও এসআরবির একটি যৌথ দল অভিযান চালায়। ঘটনাস্থল থেকে মূর্তিটি জব্দের পাশাপাশি পাচার চক্রের চার সদস্যকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আক্কেলপুর থানায় সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #জয়পুরহাট #কষ্টিপাথরের মূর্তি #বিজিবি