দেশজুড়ে

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা একজন আটক

বায়ান্ন প্রতিবেদন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় জুবায়ের আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯মে) রাতে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের শৈলজানি মাদ্রাসাসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।  

নিহত জুবায়ের উপজেলার চরপলাশ গ্রামের বাসিন্দা এবং আলতাফ উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রানা মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে জুবায়ের ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে রানা মিয়াকে আটক করা হয়।

পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

পিডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকুন্দিয়া #দুর্বৃত্তের হামলায়