কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে নদীর কচুরিপানার নিচ থেকে শিহাব হোসেন (১৮)-এর লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে এবং চট্টগ্রাম নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে আসেন শিহাব। শুক্রবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুরতে যান তিনি। একপর্যায়ে নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে প্রবল স্রোতের কারণে তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।
ঘটনার পর চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে উদ্ধার অভিযান চালায়। পরে চাঁদপুর থেকে বিশেষ ডুবুরি দল এসে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালালেও তার কোনো সন্ধান মেলেনি। রাত হয়ে যাওয়ায় অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
পরদিন সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হলে ডুবুরি দল নদীর কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পিডি