কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কাজ করছে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
শুক্রবার (২৯ মে) রাতে কুমিল্লা সদর দক্ষিণের জাইতুন রেস্টুরেন্ট মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্থানীয় কৃষকদের সুবিধার জন্য আগামী বছর কুমিল্লা সদর দক্ষিণের গুংগাইজুড়ি খাল ও কুলাইজলা খাল খনন করা হবে।
তিনি আরও বলেন, জনসেবা করার সুযোগ সবার ভাগ্যে আসে না। তাই এমনভাবে কাজ করতে হবে, যাতে মৃত্যুর পরও মানুষ ভালো কাজের জন্য স্মরণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মজুমদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক সায়েম মজুমদার এবং সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কিবরিয়া জুয়েল।
পিডি