দেশজুড়ে

ষাঁড়ের লড়াইয়ে জুয়ার আসর, নীরব ভূমিকায় প্রশাসন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় ভোরের নীরবতায় অনুষ্ঠিত হয়েছে ষাঁড়ের লড়াই। আড়ালে চলেছে লাখ লাখ টাকার জুয়ার আসর। এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্রের মদদে এ ধরনের আয়োজন নিয়মিত হচ্ছে।

বুধবার (০৮ এপ্রিল) ভোরে উপজেলার দলপা ইউনিয়নের জল্লী গ্রামে এ লড়াই অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, ফজরের নামাজের সময় যখন মুসল্লিরা মসজিদের দিকে যাচ্ছিলেন, তখনই অন্যত্র শুরু হয় এই আয়োজন।

জানা যায়, সপ্তাহে একাধিকবার এ ধরনের লড়াইয়ের আয়োজন করা হয়। প্রতিবার কয়েক জোড়া ষাঁড়কে মুখোমুখি দাঁড় করিয়ে প্রতিযোগিতা করা হয় এবং দর্শকদের মধ্যে চলে জুয়া। এতে আশপাশের জেলাসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো হন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রভাবশালী মহলের কারণে এসব কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। প্রতিবাদ করলে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয় বলেও দাবি তাদের। অনেকের মতে, প্রশাসনের কার্যকর নজরদারি থাকলে এমন আয়োজন সম্ভব হতো না।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, শুনেছি আজ ভোরে একটি ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে ষাঁড়ের লড়াইয়ের মধ্যে জোয়ার বিষয়টি তিনি জানেন না।

এলাকাবাসী দ্রুত এসব অবৈধ আয়োজন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা #ষাঁড়ের লড়াই #জুয়ার আসর #জুয়া