জ্বালানি তেলের বাড়তি চাপ সামাল দেয়া এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশে চালু করা হচ্ছে ‘ফুয়েল পাস’ ব্যবস্থা। ইতোমধ্যে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গাসহ কয়েকটি জেলায় স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এই কার্ড বিতরণ শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শিগগিরই রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করার পরিকল্পনা করছে। প্রথম ধাপে মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল পাসের আবেদন উন্মুক্ত রাখা হবে।
এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট কার্ডধারী একজন চালক কতটুকু জ্বালানি গ্রহণ করছেন, তার সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ করা সম্ভব হবে।
ফুয়েল পাসের জন্য সরকার ইতোমধ্যে একটি ওয়েবসাইট চালু করেছে। আবেদনকারীদের চার ধাপে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রথমে fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বিআরটিএর রেজিস্ট্রিশনকৃত গাড়ি ও মালিকের তথ্য দিতে হবে। যাচাই-বাছাইয়ের পর ফোনে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে। এটিকে সাবমিট করে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।
আবেদনকারীর কাছে থাকতে হবে: জাতীয় পরিচয়পত্র (NID), গাড়ির ব্লু-বুক, ড্রাইভিং লাইসেন্স, সচল ফোন নম্বর ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
ফুয়েল পাস কার্যক্রমের মাধ্যমে দেশের জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে।
এসি//