একসময় ক্রমাগত বাড়তে থাকা স্বর্ণের দাম এখন নিম্নমুখী। বিশ্ববাজারে টানা দরপতনে মূল্যবান এই ধাতুর দাম নেমে এসেছে প্রায় ১৪ মাস আগের পর্যায়ে। ভারতের বাজারেও স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। আর এই দর কমার পেছনে এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বানকে কৃতিত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি দাবি করেছেন, গত মে মাসে জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বানে দেশবাসী সাড়া দেওয়ায় দাম কমেছে। এমনকি মানুষ তাকে বলছে, তার পরামর্শ মেনে স্বর্ণ না কেনায় তাদের অর্থ সাশ্রয় হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) লখনৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে এ দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় ১৯৬৫ সালে খাদ্যসংকটের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের সঙ্গে নিজের অনুরোধের তুলনা করেন তিনি।
মোদি বলেন, ‘আমি দেশবাসীর কাছে অনুরোধ করেছিলাম যে এক বছরের জন্য, একান্ত প্রয়োজন না হলে দয়া করে স্বর্ণ কিনবেন না।’
তিনি বলেন, শাস্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার যে মানসিকতা ভারতের মানুষের মধ্যে ছিল, তা এখনো রয়েছে। একজন সাধারণ মানুষের অনুরোধেও দেশবাসী স্বর্ণ কেনা কমিয়েছেন এবং এর ফলে দাম কমেছে বলে দাবি করেন মোদি।
তার মতে, অনেকে এখন তাকে বলছেন, পরামর্শ মেনে স্বর্ণ না কেনায় তাদের অর্থ সাশ্রয় হয়েছে।
ভারতের বাজারেও সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে।
গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে তা কমে ১২ হাজার ৫২৩ রুপিতে দাঁড়িয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হলে গত মে মাসে স্বর্ণ কেনা কমানোর আহ্বান জানান মোদি।
হায়দরাবাদের এক সমাবেশে তিনি বলেছিলেন, স্বর্ণ কেনার জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে এক বছরের জন্য স্বর্ণ না কেনার সংকল্প নেওয়া প্রয়োজন।
এ সময় জ্বালানি ব্যবহার কমানো, বাড়ি থেকে কাজ করা ও বিদেশ ভ্রমণ সীমিত রাখারও পরামর্শ দিয়েছিলেন তিনি। পরে গত সেপ্টেম্বরে আবারও জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।
ভারতের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে স্বর্ণ আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ে ৪১ দশমিক ২৪ বিলিয়ন ডলারের স্বর্ণ আমদানির বিপরীতে এবার আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।
সূত্র: এনডিটিভি
এসি//