দেশজুড়ে

তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে কৃষকের ফোন

বায়ান্ন প্রতিবেদন

জ্বালানি সংকটে বিপাকে পড়েছেন পাবনার ঈশ্বরদীর কৃষকরা। ফসল উৎপাদনে ব্যবহৃত কৃষিযন্ত্র চালাতে ডিজেল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় কৃষি খাত। এমন পরিস্থিতিতেই সমস্যার সমাধান চেয়ে বিষয়টি পৌঁছে যায় সরাসরি কৃষিমন্ত্রীর কাছে।

ঈশ্বরদী উপজেলার এক কৃষক ফিলিং স্টেশন থেকে ডিজেল না পেয়ে সরাসরি কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ–কে ফোন করেন। পরে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে মন্ত্রীর কথা বলিয়ে দেন। এরপর মন্ত্রী দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন।

জানা গেছে, ফিলিং স্টেশনগুলোতে ক্যানে (ঢোপে) করে ডিজেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকায় কৃষকেরা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এতে শ্যালো মেশিন, পাওয়ার টিলার, হারভেস্টার ও স্প্রে মেশিনসহ বিভিন্ন কৃষিযন্ত্র চালানো কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় রোববার (২৯ মার্চ) কয়েকজন কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সমস্যার সমাধান চান। সেখানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. ময়েজ উদ্দিন (কুল ময়েজ) কৃষি অফিস থেকেই কৃষিমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং পরিস্থিতি তুলে ধরেন।

তিনি জানান, কৃষি অফিস থেকে দেওয়া স্লিপ দেখিয়েও অনেক সময় ফিলিং স্টেশন থেকে ডিজেল পাওয়া যাচ্ছে না, ফলে অনেক কৃষককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন বলেন, বিষয়টি নিয়ে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। কৃষকদের জন্য স্লিপ ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সহজলভ্য করার চেষ্টা চলছে। প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি জানান।

 

তিনি আরও বলেন, পাম্প মালিকরাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে, যাতে কৃষকদের জ্বালানি সংকট আর না থাকে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জ্বালানি সংকট #পাবনা #কৃষক