দেশজুড়ে

ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল ঘিরে রেখেছে। 

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাসের এ ঘটনাটি ঘটে।   জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে লাল টেপ প্যাঁচানো বোমা সাদৃশ্য বস্তুটি স্থানীয়দের নজরে আসে। বস্তুটির দুই পাশে তার দৃশ্যমান রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ সময় পুলিশ জায়গাটি ঘিরে ফেলে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ওভারপাসের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

বস্তুটি আসলেই কোনো বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি নাজমুস সাকিব বলেন, বোমা সাদৃশ্য বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদে নিষ্ক্রিয় করা হবে। টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনম্যান্টের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা ইতোমধ্যে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামালপুর