পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের জন্য লাভজনক একাধিক প্রকল্প নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণ, ফসলি জমির উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করতে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। পানি সম্পদ মন্ত্রণালয়সহ স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, দেশব্যাপী এসব প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।
উদ্বোধন করা প্রকল্পের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার সেচ অবকাঠামোর উন্নয়ন এবং কৃষিকাজে পানির প্রাপ্যতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আই/এ